নিজস্ব প্রতিবেদক | লালমাই কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে চরম চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি হয়েছে। ২০১৪ সালের একটি পুরনো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং ইউনিয়ন উন্নয়ন কমিটির প্রধান আব্দুর রহিম।
ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যাচ্ছে, তৎকালীন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতার সাথে বেশ অন্তরঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছেন বিএনপি নেতা আব্দুর রহিম। ছবিটি প্রকাশ্যে আসতেই স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ—উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে নানামুখী আলোচনা ও সমালোচনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়
ছবিটি ফেসবুকে পোস্ট হওয়ার পর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। স্থানীয় সাধারণ মানুষ এবং রাজনৈতিক কর্মীরা এটি শেয়ার করে নানা মন্তব্য করছেন।
বিএনপির তৃণমূল নেতাকর্মীদের একাংশের দাবি, দলের কঠিন সময়ে যখন কর্মীরা মামলা-হামলার শিকার হচ্ছিলেন, তখন দলের সিনিয়র পদের নেতা হয়েও তিনি আওয়ামী লীগ নেতাদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিলেন। একে তারা 'তৃণমূলের সাথে বিশ্বাসঘাতকতা' বলে আখ্যা দিচ্ছেন।
