কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সম্প্রতি এক ব্যতিক্রমী ঘটনার মাধ্যমে আলোচনায় এসেছেন। তার বাসভবনে উপহার হিসেবে নিয়ে আসা মিষ্টি ও দেশি-বিদেশি ফলের কার্টন গ্রহণ না করে ফেরত পাঠানোর ঘটনাটি স্থানীয়ভাবে বেশ সাড়া ফেলেছে।

সূত্র জানায়, দুই ব্যক্তি শুভেচ্ছা জানাতে এমপি মহোদয়ের বাসায় মিষ্টি ও ফলের প্যাকেট নিয়ে উপস্থিত হন।
 তারা মনে করেছিলেন, এ ধরনের উপহার দিলে এমপি খুশি হবেন। তবে তাদের সেই ধারণা বদলে যায় বাস্তব পরিস্থিতিতে।

এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া অতিথিদের সৌজন্য সহকারে গ্রহণ করেন এবং যথাযথ আপ্যায়ন করেন। কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, ব্যক্তিগতভাবে কোনো উপহার গ্রহণ করা তার নীতির পরিপন্থী। পরে তিনি সেগুলো বিনয়ের সঙ্গে ফেরত দেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, জনপ্রতিনিধিদের এমন অবস্থান দুর্নীতিমুক্ত সমাজ গঠনে অনুপ্রেরণা জোগাতে পারে। এমপির এই পদক্ষেপ সততা ও নৈতিকতার এক শক্ত বার্তা বহন করছে বলে মত সংশ্লিষ্টদের।