নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি দলীয় পরিচয় ব্যবহার করে বিভিন্ন অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে। বুধবার (৫ মে ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্কতা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে যুবদলের পদ-পদবি কিংবা সংগঠনের পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি ও চক্র চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ দখল-বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার এবং শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে কেন্দ্রীয় কমিটির নজরে এসেছে।
যুবদল স্পষ্টভাবে জানিয়েছে, সংগঠন কখনোই কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব বা অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না। বিএনপির সহযোগী সংগঠন হিসেবে যুবদল সবসময় গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড পরিচালনা করলে তার দায় সংগঠন নেবে না। একই সঙ্গে জেলা, মহানগর, উপজেলা, পৌর, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সংশ্লিষ্ট সকল ইউনিট নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি কোনো নেতাকর্মীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
