২০২৩ সালের ২২ মে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু স্বাক্ষরিত এক অনুমোদনের মাধ্যমে এম জাবের আহমেদ জাবেদকে আহ্বায়ক এবং মাহফুজুর রহমানকে সদস্য সচিব করে ৫২ সদস্য বিশিষ্ট লালমাই উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
তবে কমিটি গঠনের দীর্ঘ সময় পার হলেও সাংগঠনিক কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন না হওয়ায় তৃণমূলের অনেক নেতাকর্মী নিজেদের অবমূল্যায়িত মনে করছেন।
এর মধ্যে ২০২৫ সালের ১৩ মে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে লালমাই উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলমকে স্বাক্ষর প্রয়োগের দায়িত্ব প্রদান করা হয়।
তবে এই পরিবর্তনের পরও সংগঠনের কার্যক্রমে প্রত্যাশিত গতি ফিরে আসেনি বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে ইউনিয়ন কমিটি গঠন না হওয়ায় নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না এবং সাংগঠনিক কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে। এতে করে তৃণমূল পর্যায়ে হতাশা বাড়ছে এবং অনেকেই ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী বলেন, “দীর্ঘ তিন বছরেও ইউনিয়ন কমিটি গঠন না হওয়া দুঃখজনক। দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রম গতিশীল করা জরুরি।”
একই সঙ্গে উপজেলা পর্যায়ের নেতৃত্বের মধ্যে গ্রুপিং ও সাংগঠনিক ব্যর্থতার কারণেই এই স্থবিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন তারা।
তৃণমূল নেতাকর্মীদের দাবি, দ্রুত ইউনিয়ন কমিটি গঠন করে সংগঠনকে সক্রিয় করা হোক এবং যোগ্য ও ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হোক।
